স্টাফ রিপোর্টার : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের সকল পদ থেকে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে বহিষ্কার করেছে বিএনপি। এর পর থেকে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এমন অবস্থায় সদ্য বহিষ্কৃত এই নেতা তার অবস্থান পরিষ্কার করে বলেছেন, দল পরিবর্তন কিংবা অন্য কোনো দলে যোগ দেবেন না। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বহিষ্কার করলেও দলের কর্মী-সমর্থক হিসেবে কাজ করে যাবো। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকবো। অন্য কোনো প্ল্যাটফর্মে যাবো না। তৈমূর আলম বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং ইভিএমের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলবো। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাবো।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় তৈমূর আলমকে প্রাথমিকসহ সব সদস্য পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের আদেশ দেয়া হয়। গত ১৬ই জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে ৬৬ হাজার ভোটে পরাজিত হন তৈমূর আলম খন্দকার।

