কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ

মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া পৌর শহরের প্রধান সড়কে দীর্ঘদিনের যানজট, অবৈধ পার্কিং ও শৃঙ্খলা ফেরাতে সুন্দর শহর গড়তে প্রশাসন বদ্ধপরিকর। প্রশাসনের অভিযানে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হলে জড়িতদের ছাড় দেয়া হবেনা বলে কঠোর হুঁশিয়ারী দিয়েছেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. শওকতুল ইসলাম। এমনকি অভিযানে দলের কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন তিনি। ২৪ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি শওকতুল ইসলাম বলেন, গত ১৯ আগস্ট কুলাউড়া শহরে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার পর যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, তিনি তার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, জনস্বার্থে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে প্রশাসনের অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এমনকি দলের কোনো ব্যক্তি এ ধরনের বিশৃঙ্খলার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কুলাউড়া শহরকে সুন্দর ও যানজটমুক্ত করার স্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত রাখার পরামর্শ দিয়ে এমপি শওকতুল ইসলাম আরও বলেন, প্রয়োজন হলে মৌলভীবাজার থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স এনে অভিযান পরিচালনা করতে হবে।

সভায় বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো: রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল মুন্তাজিম, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মো: নেজাম উদ্দিন, ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক তাহমিনা আক্তার। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালাল, উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা আহসান উদ্দিন, কমরেড আব্দুল লতিফ, নির্মাল্য মিত্র সুমনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌরসভার প্রধান সড়কের দুই পাশে বিভিন্ন স্থানে অস্থায়ী অটোরিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে। এতে প্রতিদিন যানজট সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়ছেন মানুষ। যানজট নিরসনে গত ১৩ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাসহ সংশ্লিষ্টদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা হয়। সভায় শহরের বিভিন্ন স্থানে দুটি করে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার সিদ্ধান্ত হয়। ১৬ আগস্টের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের বলা হয়। অন্যথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানানো হয়। এরপর ১৯ আগস্ট কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাসের নেতৃত্বে শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় যত্রতত্র সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে রাখার দায়ে সাইদুর রহমান নামের এক চালককে সাত দিনের কারাদ- দেওয়া হয়। এছাড়া অটোরিকশা সিএনজি স্ট্যান্ডের এক ব্যবস্থাপক ও তিন চালককে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দিন এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (নিবন্ধন নম্বর-২৩৫৯) সাধারণ সম্পাদক আলমাছ আহমদের নেতৃত্বে সিএনজি অটোরিকশা চালকেরা সড়কে এলোমেলোভাবে এক ঘন্টা গাড়ি আটকে রেখে অবরোধ সৃষ্টি করেন। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ। এসময় তাঁরা সহকারী কমিশনারের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর স্লোগান দেন। বিষয়টি জানার পর এমপি শওকতুল ইসলামের নির্দেশে উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলার পর অবরোধ প্রত্যাহার করা হয়। আগামী ২৫ আগস্ট এমপি’র উপস্থিতিতে শ্রমিকদের নিয়ে সভা করার কথা রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *