৫টি নায্য দাবি আদায়ে কুলাউড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

কুলাউড়া প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ৫টি ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় তৃতীয় দিনেও কর্মবিরতি পালন করেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ। গত ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশব্যাপী এই কর্মবিরতি শুরু হয়। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানা গেছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে এ কর্মবিরতি পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী, কার্য সহকারী শাহীন মাহমুদ, অফিস সহায়ক ফেরদৌস হাসান। জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যম পূরণ করার দাবী জানিয়ে তারা এ কর্মবিরতি পালন করেন। কুলাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী জানান, সরকারের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে আমরা দিন-রাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক পদমর্যাদা না থাকায় দুর্যোগ ব্যবস্থাপনার সঠিক লক্ষ্যে বাংলাদেশ এখনো পৌঁছাতে পারেনি। আমাদের যৌক্তিক দাবী গুলো মেনে নিলে সরকারের উন্নয়ন কর্মকান্ড পূর্বের তুলনায় আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *