অভিনেত্রীর দেহে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান অঙ্কন…

ডেস্ক রিপোর্ট : ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জেসিয়া ইসলাম ক্যারিয়ারের শুরু থেকে নানা কারণে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন। সবকিছু পেছনে ফেলে সম্প্রতি অংশ নেন ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায়।
বিশ্বের ৭০ জন প্রতিযোগীর সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে নামেন। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে নানা লুকে মঞ্চ মাতিয়েছেন এই মডেল। কখনো খোলামেলা পোশাকে উত্তাপ ছড়িয়েছেন আবার কখনো পোশাকের মাধ্যমে প্রতিবাদের বার্তা দিয়েছেন।
গত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ব্যবহৃত একগুচ্ছ শব্দ দিয়ে তৈরি পোশাকে থাইল্যান্ডের ফ্যাশন মঞ্চে দেখা গেল এই মডেলকে। মূলত আন্দোলনের সময় ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করা শব্দগুলো নিজের গাউনে তুলে ধরেন জেসিয়া।
সোনালি রঙের স্লিট ককটেইল শাড়িতে ‘সোনার বাংলা’-কে বিষয়বস্তু করে তৈরি করা হয় জেসিয়ার এই পোশাক। পোশাকের টেল গাউনে কালো রঙে লেখা ছিল ‘#কোটা_আন্দোলন’, ‘#মুক্তি’, ‘#ছাত্র_জনতা’, ‘#মুক্ত_বাংলা’, ‘#শান্তি’, ‘#save_Bangladeshi_students’, ‘#কোটা_বাতিল’, ‘#সমান_অধিকার’, ‘#peace’, ‘#Victory’, ‘#Bangladeshi_student_movement’, ‘#কোটা_বাতিল’, ‘#বিচার_চাই’।
‘মিস গ্র্যান্ড ২০২৪’-এর গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছেন ভারতের মডেল র‌্যাচেল রুপ্তা। প্রথম রানার আপ হন ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা, দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থে সু নি এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি।
জেসিয়া ছিলেন সেরা ২০ জনের তালিকায়। সেখানেই শেষ হয় এই মডেলের যাত্রা। তবে বিশ্বমঞ্চে আরো একবার বাংলাদেশের নাম তুলে ধরেছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন জেসিয়া ইসলাম। তারপর নানা ঘটনায় অনেকবারই আলোচনায় এসেছেন তিনি। এরমধ্যে প্রেম-বিচ্ছেদ, অভিনয়-মডেলিং সবই সমান তালে করেছেন জেসিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *