কুলাউড়ায় স্ত্রীসহ ব্যবসায়ী ৫দিন থেকে নিখোঁজ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

কুলাউড়া উপজেলায় স্বস্ত্রীক এক ব্যবসায়ী কুষ্টিয়ার ভেড়ামারায় বন্ধুর বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি যাওয়ার পর গত পাঁচ দিন থেকে কোন খোঁজ মিলছে না। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এনিয়ে পরিবারের লোকজন রয়েছেন উদ্বেগ উৎকন্ঠায়।

নিখোঁজ নবদম্পতি হলেন সালাম আহমদ (২৩) ফারজানা আক্তার (১৯)। এই দম্পতির বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পশ্চিম মনসুর গ্রামে। কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় সালামের পানের পাইকারি বিক্রির দোকান আছে। ৩০ অক্টোবর বুধবার তাদের কোনো হদিস মেলেনি। নিখোঁজ ব্যবসায়ী সালামের বড় ভাই আলী আহমদ শুভ বলেন, প্রায় সাড়ে চার মাস আগে সালাম ও ফারজানার বিয়ে হয়। কুষ্টিয়ার ভেড়ামারার এক আড়ৎদারের কাছ থেকে দীর্ঘদিন ধরে সালাম পান কিনে ব্যবসা করছিলেন। এতে ওই ব্যবসায়ীর সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে ওঠে। ব্যস্ততার কারণে বিয়ের অনুষ্ঠানে ওই ব্যবসায়ী আসতে পারেননি। দাওয়াত পেয়ে ২৫ অক্টোবর সালাম আহমদ তার স্ত্রীকে নিয়ে সড়ক পথে ওই ব্যবসায়ীর বাড়ির উদ্দেশে রওনা দেন। আলী আহমদ আরো বলেন, ২৬ অক্টোবর দুপুরে সালাম অন্য একটি মোবাইল ফোন থেকে নিজের দোকানের এক কর্মচারীকে ফোন করে বিকাশে ৩০ হাজার টাকা পাঠাতে বলেন। পরে ওই কর্মচারী বিকাশে টাকা পাঠায়। এরপর থেকে সালামের ব্যক্তিগত ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। বিকাশে টাকা পাঠানোর নম্বরটিও বন্ধ আছে। এতে সন্দেহ হওয়ায় ভেড়ামারার ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সালাম ও তার স্ত্রী তাঁর কাছে যাননি। এ অবস্থায় ২৭ অক্টোবর রাতে কুলাউড়া থানায় জিডি করেন তিনি। তার ভাইয়ের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। সালাম ও তাঁর স্ত্রী নিখোঁজে পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার বলেন, প্রযুক্তির সহায়তায় নিখোঁজ সালাম ও তাঁর স্ত্রী ফারজানাকে উদ্ধারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *