৫ কোটি টাকার হেরোইনসহ রাজশাহীতে গ্রেপ্তার কুলাউড়ার তাহমিনা

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে রাজশাহী গিয়েছিলেন তাহমিনা বেগম মিনু (৫৫) নামের এক মহিলা। উদ্দেশ্য ছিলো ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি হেরোইন সংগ্রহ করা। তবে আশা পূরণ হয়নি তার। রাজশাহীর গোদাগাড়ী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি হেরোইনসহ তাহমিনা ও নাজমা বেগম নামের অন্য নারীকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোড পাড়া জামে মসজিদ মোড় সংলগ্ন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পশ্চিম পার্শ্ব থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
গ্রেপ্তারকৃত নারীরা হলেন- গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি এলাকার আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম (৫৩) এবং কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু।
পুলিশ জানায়, তাহমিনা বেগম মৌলভীবাজার থেকে হেরোইন সংগ্রহ করতে গোদাগাড়ীতে এসেছিলেন। এসময় মাদককারবারী নাজমা বেগম তার কাছে মাদক হস্তান্তর করেন। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে তাহমিনা ও নাজম হেরোইনসহ দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। গোদাগাড়ী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে এসআই মোঃ আনোয়ার হোসেন ফোর্সসহ সকাল ৬টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে। তল্লাশির এক পর্যায়ে তাদের দেহ থেকে ৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন আজ রোববার দুপুর আড়াইটার দিকে বলেন, গ্রেপ্তারকৃত দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো মূল্যে মাদক নির্মূল করতে আমরা বদ্ধপরিকর। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *