এম রাজু আহমেদ: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে শিমা আক্তার (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার ৬ জুন বিকেলের দিকে উপজেলার পূর্ব হরিরামপুর এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানা যায়। শিমা আক্তার ওই গ্রামের বশির মিয়ার পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট। সে মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলের দিকে বন্যার পানি দেখতে ঘরের সামনে বের হলে বন্যার স্রোতে সে নিখোঁজ হয়। ঘণ্টা-খানেক পরে পানিতে ভেসে উঠলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে শিমাকে মৃত ঘোষণা করা হয়।
নিহতের আপন ভাই মুন্না মিয়া বলেন, আমার ছোট-বোনটা বন্যার পানি দেখতে গিয়ে হটাৎ বন্যার স্রোতে ডুবে মৃত্যুবরণ করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্তব্যরত চিকিৎসক তন্ময় দাস জানান, কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে আমরা তাঁকে মৃত পাই। বিষয়টি স্বজনদের জানানো হলে তাঁরা তাঁর মরদেহ নিয়ে যান।
