জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়ায় সংঘটিত এক ডাকাতির ঘটনায় তাৎক্ষণিক পুলিশের অভিযানে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। ১১ জানুয়ারি সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার বাগানবাড়ি পাকা সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন, কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে জুবের আহমদ জুবলা (৩৩), ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের শমসের শাহ’র ছেলে দেলোয়ার হোসেন (২৯), জয়চন্ডী ইউনিয়নের ঘাঘটিয়া গ্রামের মৃত ছনর মিয়ার ছেলে নাজিম মিয়া (২৫) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার নরাই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে জাকির হোসেন (৩২)। আসামীদের মধ্যে জুবলা, নাজিম ও দেলোয়ারের বিরুদ্ধে কুলাউড়া থানায় আরো মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে কাদিপুর ইউনিয়নের কৌলারশি গ্রামের বাসিন্দা লাল মিয়া (৪২) তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে যোগে বাড়ি ফেরার পথে পাঁচজন ডাকাত তাকে পথরোধ করে। এসময় দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে আসামীরা ব্যবসায়ী লাল মিয়ার মোটরসাইকেল থামিয়ে তাকে লোহার রড দিয়ে আঘাত করলে লাল মিয়া মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। তখন আসামীরা লালের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে ডাকাত দলটি একটি মাইক্রোবাসযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে একদল পুলিশ তাৎক্ষণিক কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকায় অভিযান চালিয়ে রাত ৩টার দিকে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় ডাকাতদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন হাতে আঘাতপ্রাপ্ত হন।
কুলাউড়া থানার (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পলাতক অপর আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।


