হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করে জুয়ার সরঞ্জামসহ ৬ জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
জেলা গোয়েন্দা শাখার এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম শ্রীমঙ্গল থানার কালাপুর ইউনিয়নের কদমতলী এলাকা থেকে শিবলু মিয়া (২৮), রুমেল মিয়া (৩৫), জুনেদ মিয়া(৩৫) আব্দুস সাত্তার (২৫), সুজল মিয়া (২৫) এবং আলমগীর হোসেন(৩২) নামে ৬ জনকে জুয়ার আসর থেকে আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে শ্রীমঙ্গল থানার কালাপুর ইউনিয়নের অন্তর্গত কদমতলী হাওরের শেখ বাড়ির ধানী জমির খালি জায়গায় জোয়ার আসর চলছে। এ সময় ঘটনাস্থলে ডিবি অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ৬ জনকে আটক করে এবং সেখান থেকে ৫২ টি তাস ও নগদ ১৩১০ টাকা জব্দ করে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো,জাহাঙ্গীর হোসেন সরদার বলেন,গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

