বরগুনা প্রতিনিধি : বরগুনায় বিএনপির মনোনয়ন পেলেন নজরুল ইসলাম মোল্লা ও নূরুল ইসলাম মণি। জাতীয় সংসদের ১০৮ আসন বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) থেকে জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা এবং ১০৯ আসন বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক তিনবারের সংসদ সদস্য নূরুল ইসলাম মণি।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, দলের মনোনয়ন পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাকে মনোনয়ন দেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই।
মনোনয়ন ঘোষণার পর পরই বেতাগীতে আনন্দ মিছিল করে বেতাগী উপজেলা বিএনপি। মিছিলে অংশ নিয়ে নূরুল ইসলাম মনি বিএনপি,র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়াকে ধন্যবাদ জানান। নির্বাচিত হলে বেতাগী-বামনা – পাথরঘাটা মানুষের অর্থনেতিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

