হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: আজ রবিবার, ৫ এপ্রিল, শারজাহ ঘোষণা করেছে যে, আমিরাতের খোর ফাক্কান বন্দর লক্ষ্য করে করা হামলার ঘটনা মোকাবিলা করছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। জনগণকে গুজব না ছড়াতে এবং শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ একই ধরনের ঘটনার সময় বারবার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করেছে এবং আশ্বস্ত করেছে যে, আমিরাত জুড়ে শোনা বিকট শব্দ সফল বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বাধাদানের ফলেই হয়েছে। সংশ্লিষ্ট দলগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। সঠিক তথ্যের জন্য জনসাধারণকে শুধুমাত্র সরকারি সূত্রের উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে ঘোষণা করেছিল যে, সংযুক্ত আরব আমিরাত ৫ই এপ্রিল ইরান থেকে ছোড়া ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫০টি ড্রোন প্রতিহত করেছে। কর্তৃপক্ষের ভাষায় “ইরানের বেপরোয়া হামলা” শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৫০৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,১৯১টি ড্রোন প্রতিহত করেছে।

