জুড়ীতে বজ্রপাতে ১৩টি গরু ও ১টি মহিষের মৃত্যু

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে আকস্মিক বজ্রপাতে ১৩টি গরু ও ১টি মহিষ মারা গেছে। বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে বজ্রাঘাতে ইউনিয়নের কুচাই চা বাগান এলাকার ১৩টি গরু এবং পাথরটিলা গ্রামের ১টি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। এতে চা শ্রমিক পরিবারের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। নিহত গরুর মালিকরা হলেন, কুচাই চা বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা।
স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। তাই দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ জরুরি। খেটে খাওয়া এসব চা শ্রমিক পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল গবাদিপশু। হঠাৎ এ ক্ষতিতে তারা চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ঘটনার খবর পেয়ে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সান্ত¡না দেন এবং ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।

এদিকে ঘটনাটি জানার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার লোকজন বিষয়টি মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুকে জানালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে প্রয়োজনীয় সহায়তা ও সরকারিভাবে পুনর্বাসনের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *