হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ রানু মিয়া বিগ টিকেটে এবার বিলাসবহুল ‘রেঞ্জ রোভার ভেলার’ গাড়ি জিতেছেন। আল আইনের বাসিন্দা রানু মিয়া মিয়া ০২২৩৯১ নম্বর টিকিট দিয়ে এই আকর্ষণীয় গাড়িটি জেতেন। মোহাম্মদ রানু মিয়া মিয়া (৩৯) পেশায় একজন ইলেকট্রিশিয়ান। গত ১৮ বছর ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। তিনি বিগত পাঁচ বছর ধরে নিয়মিত ‘বিগ টিকিট’ লটারিতে অংশ নিচ্ছেন। বিজয়ের পর নিজের অনুভূতি ব্যক্ত করতে যেয়ে তিনি বলেন: “আমি পাঁচ বছর ধরে বিগ টিকিটে অংশ নিচ্ছি। সাধারণত আমি ২০ জনের একটি গ্রুপ তৈরি করে গ্র্যান্ড প্রাইজের টিকিটগুলো কিনি, তবে ড্রিম কারের ড্র-গুলোতে আমি একাই অংশ নিই।’ “যখন আমি বিজয়ী হওয়ার ফোন কলটি পাই, আমি অত্যন্ত আনন্দ বোধ করেছি। মনে হয়েছে ভাগ্য অবশেষে আমার সহায় হয়েছে।” তিনি আরও জানান যে, এই জয়টি তাঁর জীবনে অত্যন্ত অর্থপূর্ণ একটি সময়ে এসেছে। সম্প্রতি তিনি বেশ আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং বন্ধুদের সহায়তার ওপর তাকে নির্ভর করতে হচ্ছিল। এই জয়টি একদম সঠিক সময়ে এসেছে,” বললেন তিনি। এই দামী গাড়িটি নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, গাড়িটি নিজের কাছে রাখবেন নাকি এর সমপরিমাণ নগদ অর্থ তুলে নেবেন—সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এই গাড়িটির আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।

