জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সের ভেতরে শুক্রবার সকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় শ্রমিকরা হঠাৎ একটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে স্থান ত্যাগ করেন।
পরবর্তীতে শ্রমিকরা ঘটনাটি মোঃ কালাম মিয়া ও পরিবার পরিকল্পনা পরিদর্শককে জানালে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন। তারা জানান, এটি একটি শঙ্খিনী (Banded Krait) প্রজাতির অত্যন্ত বিষধর সাপ।
সাপটি দেখতে স্কুলের অনেক ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায়।
পরবর্তীতে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

