জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। ৭ জুলাই মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফিতা কেটে ও ফলক উম্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে, গেস্ট অব অনারের বক্তব্য রাখেন চাঁদপুর-৫ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মুমিনুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, জেলা বিএনপি আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক, জেলা বিএনপি সদস্য সচিব আব্দুর রহিম রিপন, মডেল মসজিদ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মাদ ফেরদৌস-উজ-জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল রহমান। ইমাম ও আলেম ওলামাদের পক্ষে বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা সামসুল ইসলাম,ইসলামী ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক ফারুক আলম।
মসজিদে যোহরের নামাজ আদায় শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে শিরনী বিতরণ করা হয়। ৪৫.৭৯ শতাংশ ভুমির উপর ৪ তলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। শেষে অতিথিরা মসজিদ প্রাঙ্গনে ফলজ গাছের চারা রোপন করেন।

