কুলাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, নারীদের মধ্যে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব উপকরণ ও শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর শিক্ষা, দক্ষতা ও আর্থসামাজিক উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি উপকারভোগীদের এসব সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃগোষ্ঠী নেত্রী বাবলী তালাং, শিক্ষার্থী জেসিকা রংগি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদোয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রাজু, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৪৯ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ৩৩জন নারীর হাতে সেলাই মেশিন এবং ৩২৮ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়। এরমধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৬৪ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৯৮ জনকে ৫ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৬৬ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *