জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়ায় সরকারি ধানবীজ খোলাবাজারে বিক্রির সময় অভিযান চালিয়ে ২৪ বস্তা (প্রতি বস্তায় ১০ কেজি) আমনের ব্রি-৫১ জাতের ধানের বীজ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জামাল মিয়া নামে এক বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। ২৯ জুলাই বুধবার রাত ৯টার দিকে উপজেলার চৌধুরী বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন। জব্দ করা বীজ রাজশাহী অঞ্চলে বিক্রির জন্য সরবরাহ করা হয়েছিল বলে জানা গেছে। সাজাপ্রাপ্ত ব্যক্তি মো. জামাল মিয়া (৪০) কুলাউড়া পৌর এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, খোলাবাজারে সরকারি ধানবীজ বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের নেতৃত্বে রাত নয়টার দিকে চৌধুরী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় জামাল মিয়ার কাছে কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ২৪ বস্তা ধান বীজ পাওয়া যায়। বীজের বস্তায় ‘রাজশাহী অঞ্চল’ লেখা ছিল। পরে বীজগুলো জব্দ করে জামাল মিয়াকে সাজা দেওয়া হয়। জব্দ করা বীজ উপজেলা কৃষি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। অভিযানের সময় কুলাউড়া থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।
এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ডিলার নিজাম ট্রেডার্সের মালিক নিজাম মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, তদন্ত করে এ ঘটনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিকে মৌলভীবাজারের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল মিয়া জানান যে নিজাম ট্রেডার্স নামে কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকার সরকারি ডিলারের কাছ থেকে তিনি এসব বীজ কেনেন। রাতে অভিযান চালাতে গিয়ে নিজাম ট্রেডার্স বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ডিলারের গুদাম পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলার কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে।

