লাউয়াছড়ায় দেখা মিলল বিরল উল্টোলেজি বানরের

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: চারিদিকে গাছগাছালির সবুজের সমারোহ, পাখির কলকাকলি আর ছায়ায় ঘেরা শান্ত পরিবেশ। হঠাৎ করেই সবুজ বনের নীরবতা ভেঙে গাছের মগডাল থেকে নেমে এলো একদল চঞ্চল প্রাণী। পিঠের দিকে বাঁকানো ছোট লেজ আর হালকা সোনালি-বাদামি পশমে ঢাকা শরীর। নাম উল্টোলেজি বানর। বিরল এই প্রাণীর স্বাভাবিক বিচরণে প্রাণ ফিরে পেয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান। পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন এই বিপন্ন প্রজাতি। মঙ্গলবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা মেলে এই দুর্লভ বানরের দলের। উল্টোলেজি বানরের ইংরেজি নাম নর্দার্ন পিগ টেইলড মাকাক। পিঠের দিকে শূকরের লেজের মতো বাঁকানো ছোট লেজ থাকায় এদের বাংলায় উল্টোলেজি বানর বলা হয়। স্থানীয়ভাবে এরা কেশরওয়ালা সিংহ বানর, কুলু বানর, উলু বানর কিংবা ছোট লেজি বানর নামেও পরিচিত। এরা সাধারণত ২০ থেকে ২৫ সদস্যের দলে গভীর বনে বসবাস করে। বনের বিভিন্ন ফল, বীজ ও কচি পাতা তাদের প্রধান খাদ্য। লাউয়াছড়া ছাড়াও শ্রীমঙ্গল, কমলগঞ্জ, হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান এবং রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে এদের কিছু সংখ্যক দেখা যায়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় উল্টোলেজি বানর ‘সংকটাপন্ন’ প্রজাতি হিসেবে স্বীকৃত। এ ছাড়া বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এটি একটি সংরক্ষিত প্রাণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *