হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : আরব আমিরাতে বিগ টিকিট সবুজ মো. দেলোয়ার মুন্সির জন্য বয়ে এনেছে এক অভাবনীয় মুহূর্ত। তিনি বিগ টিকিটের সিরিজ ২৮৯-এর কনসোলেশন প্রাইজ ড্র-তে ১ লাখ দিরহাম (Dh100,000) জিতেছেন। বাংলাদেশের ৩২ বছর বয়সী এই নাগরিক গত সাড়ে সাত বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। তিনি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিগ টিকেটের সন্ধান পান এবং গত চার বছর ধরে এতে অংশগ্রহণ করে আসছেন। বিজয়ীর ফোন কলটি পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত হন এবং জানতে পারেন যে তার সর্বশেষ অংশগ্রহণই তাকে বিগ পটিকেটে প্রথমবারের মতো জয় এনে দিয়েছে। পুরস্কারের অর্থ দিয়ে তিনি তার দৈনন্দিন খরচ এবং সংযুক্ত আরব আমিরাতে জীবনধারণের জন্য সহায়তা করার পরিকল্পনা করেছেন।


