বেতাগীতে সালিস বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহতরা হাসপাতালে থাকতেই বাড়ি থেকে ৭ গরু চুরি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে একটি সালিসি বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিরিন সুলতানা নামে এক নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের ফাঁকা বাড়ি থেকে ৭টি গরু চুরি করে নিয়ে যায় একটি চোরচক্র। পরবর্তীতে পুলিশি তৎপরতায় ঝালকাঠির নলছিটি থেকে চুরি হওয়া ৫টি গরু উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট)  সকালে উপজেলার দেশান্তরকাঠি গ্রামে একটি বিরোধ নিষ্পত্তির জন্য সালিসি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শিরিন সুলতানাসহ পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শিরিন সুলতানার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে সংঘর্ষের পর পরিবারের সবাই আহতদের নিয়ে হাসপাতালে থাকায় বাড়িটি জনশূন্য হয়ে পড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে গভীর রাতে একদল চোর গোয়ালঘর থেকে ৭টি গরু চুরি করে নিয়ে যায়। চুরির বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী পরিবার পুলিশে খবর দেয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় বেতাগী থানা পুলিশ ঝালকাঠির নলছিটি থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে নলছিটি এলাকা থেকে ৫টি গরু উদ্ধার করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় আহত সুলতানা বাদী হয়ে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বাদী শিরিন সুলতানা বললেন, সালিসি বৈঠকের নামে পরিকল্পিতভাবে আমাদের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়েছে। আমরা হাসপাতালে চিকিৎসাধীন আছি। আর সেই সুযোগে তারা আমাদের সর্বস্বান্ত করতে গোয়াল থেকে সাতটি গরু চুরি করে নিয়ে গেছে। আমরা এই বর্বরোচিত হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাকি গরুগুলো দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন-অর-রশিদ জানালেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চুরির ঘটনায় ৫টি গরু উদ্ধার করা হয়েছে। বাকি দুটি গরু উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *