জুড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে পুকুরের পানিতে ডুবে রামিছা জান্নাত বুশরা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২০ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা-বাগানের ১ নম্বর লাইনে এ ঘটনা ঘটে। নিহত রামিছা জান্নাত বুশরা ওই এলাকার সিএনজি চালক বেলাল আহমেদের বড় মেয়ে। জানা যায়, দুপুরবেলা শিশুটির মা ঘুমিয়ে পড়লে রামিছা ঘর থেকে বের হয়ে বাড়ির পুকুরের দিকে চলে যায়। একপর্যায়ে সে পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চা-বাগানের হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার পুলিশ পরিদর্শক (এসআই) উস্তার আলী ইমন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের অমল দাসের ছেলে অনন্বয় দাস (৮) এবং রাজনগর উপজেলার বরইউরি গ্রামের নারায়ণ দাসের ছেলে দুর্জয় দাস (৭) পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়। নিহত দুই শিশু হলো তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
নিহত দুর্জয় দাস তার মা-বাবার সঙ্গে পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে আমতৈল গ্রামে বেড়াতে এসেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *