বেতাগী (বরগুনা) প্রতিবেদক: বরগুনার বেতাগী পৌরসভার কার্যালয় প্রাঙ্গণে রাখা একটি সরকারি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বেতাগী পৌরসভার নৈশ প্রহরী লিয়াকত সিকদার বেতাগী থানায় এ মামলাটি দায়ের করা হয়। এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীর বেতাগী পৌরসভা কার্যালয়ের সামনে থাকা পৌরসভার একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। যা সামাজিক যোগাযোগ
মাধ্যমে প্রচার হয়। একই রাতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া এবং সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনাও ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে একদল দুর্বৃত্ত পৌরসভা প্রাঙ্গণে প্রবেশ করে পার্কিং করে রাখা ট্রাকটিতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা
হলেও ট্রাকটির উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সরকারি সম্পত্তিতে এ অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক নিশ্চিত করে বলেন “সরকারি গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। “

