করাইল বস্তির অগ্নিকাণ্ডের ছবি তুলে আড়াই কোটি টাকা পুরস্কার জিতলেন মিজানুর রহমান পিন্টু

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : ১৫তম শেখ হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কার জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী মিজানুর রহমান পিন্টু। পুরস্কার হিসেবে পাচ্ছেন আড়াই কোটি টাকা, তাঁর ক্যামেরায় উঠে এসেছে করাইল বস্তির অগ্নিকাণ্ডের হৃদয়স্পর্শী দৃশ্য। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য আরেকটি গৌরবোজ্জ্বল অর্জন বয়ে এনেছেন বাংলাদেশি সৌখিন আলোকচিত্রী মিজানুর রহমান পিন্টু (পিন্টু রহমান)। সংযুক্ত আরব আমিরাতের মর্যাদাপূর্ণ ১৫তম শেখ হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কার (Sheikh Hamdan International Photography Award) অর্জন করেছেন তিনি। এ সম্মাননার সঙ্গে পুরস্কার হিসেবে পাচ্ছেন আড়াই কোটি টাকা। তাঁর ক্যামেরায় অসাধারণ শৈল্পিক দক্ষতায় ফুটে উঠেছে ঢাকার করাইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডের পরের এক বিরল ও হৃদয়স্পর্শী দৃশ্য। আগুনের লেলিহান শিখায় পুড়ে যাওয়া জনপদ, ধ্বংসস্তূপের বাস্তবতা এবং সর্বস্ব হারানো মানুষের অসহায়ত্ব ও জীবনসংগ্রামের চিত্র তাঁর আলোকচিত্রে জীবন্ত হয়ে উঠেছে। এই ছবি কেবল একটি অগ্নিকাণ্ডের ভয়াবহতার চিত্র নয়; বরং নগরজীবনের কঠিন বাস্তবতা, প্রান্তিক মানুষের বেঁচে থাকার সংগ্রাম এবং মানবিক বিপর্যয়ের এক অনন্য দলিল। একটি ছবির মাধ্যমে তিনি তুলে ধরেছেন সমাজের এমন এক বাস্তবতা, যা মানুষের হৃদয়কে নাড়া দেয় এবং নতুন করে ভাবতে শেখায়। আলোকচিত্রের এই আন্তর্জাতিক স্বীকৃতি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য গর্ব ও আনন্দের বিষয়। তাঁর এ অর্জন বিশ্বদরবারে বাংলাদেশের সৃজনশীলতা ও আলোকচিত্রশিল্পের সক্ষমতাকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে। বাংলাদেশি এই আলোকচিত্রী মিজানুর রহমান পিন্টুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর হাত ধরে বাংলাদেশের এমন সাফল্যের ধারা অব্যাহত থাকুক—এই প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *