দুবাইতে কুলাউড়ার তরুণ নাঈম আহমেদের মৃত্যু

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের দক্ষিণ বিজলী গ্রামের তরুণ আরব আমিরাত প্রবাসী নাঈম আহমেদ অলি (২৪) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দক্ষিণ বিজলী গ্রামের বাসিন্দা ও রবিরবাজারের পরিচিত আর্ট ব্যবসাপ্রতিষ্ঠান ‘ইলিয়াছ আর্ট’-এর মালিক ইলিয়াছ আহমদের দ্বিতীয় ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম আহমেদ অলি আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পড়াশোনা শেষে তিনি রবিরবাজার-টিলাগাঁও সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালক হিসেবে কাজ করতেন। পরবর্তীতে জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমান। নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বন্ধু আহমেদ আজিজ। তিনি জানান, গত ৯ নভেম্বর রাতে দুবাইয়ে নাঈমের মৃত্যুর খবর পাওয়া যায়। দুবাই পুলিশের সূত্রে তাঁর মৃত্যুর বিষয়টি জানা গেছে। বন্ধুর এমন আকস্মিক মৃত্যুর সংবাদে তাঁরা গভীরভাবে শোকাহত। কিছুতেই এ মৃত্যু মেনে নিতে পারছেন না বলে জানান তিনি। দুবাই পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর রাত ১১টা ৫০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। নাঈমের এমন অকালমৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন। এদিকে তাঁর মরদেহ দেশে পাঠান প্রক্রিয়া, জানাজার নামাজের সময়সূচি ও স্থান সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে জানাজার সময় ও স্থান জানানো হবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে তাঁর জীবনের সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দানের প্রার্থনা জানিয়েছেন। আরব আমিরাত প্রবাসী পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাঁদের এই শোক সহ্য করার শক্তি দান করুন এবং মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *