জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে মৌলভীবাজার জেলা দাবা সমিতির আয়োজনে আন্ত:জেলা দাবা প্রতিযোগিতা ৬ আগস্ট শনিবার মৌলভীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আনুষ্টানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। জেলা দাবা সমিতির সভাপতি এডভোকেট মুস্তাক আহমদ মম এর সভাপতিত্বে ও সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম এর পরিচালনায় অনুষ্টিত উদ্ভোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী, এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী। দাবাড়ুদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার এর সাধারন সম্পাদক ওয়াজিউল মেহেদী। উক্ত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৮ জন নবীন ও প্রবীণ দাবাড়ু অংশগ্রহণ করেন। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে সকল দাবাড়ুদের দুপুরের খাবারের ব্যবস্থা করে দেন।













