মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া উপজেলায় নির্বাচনী ওয়াদা পূরনে চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়া থেকে সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বাগানের স্থায়ী নারী চা শ্রমিকের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় দফায় রেইনকোট বিতরণ করেন কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম। ২৫ অক্টোবর রোববার সকাল এগারোটায় জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান মন্দির সংলগ্ন হলরুমে জয়চন্ডী ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহিতুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় সংসদে আমি প্রথম চা শ্রমিকদের রেইনকোটের বিষয় নিয়ে কথা বলেছি। আমি নির্বাচনের সময় চা শ্রমিকদের বৃষ্টিতে ভিজে কাজ করতে দেখেছি। সেদিন আমি ওয়াদা করেছি নির্বাচিত হই বা না হই চা শ্রমিকদের জন্য রেইনকোটের ব্যবস্থা করবো। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চা-বাগান শ্রমিকদের মধ্যে বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় ইতিমধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ করেছেন। প্রথম ধাপে কুলাউড়ার বিভিন্ন বাগানে আড়াই হাজার রেইনকোট বিতরণ করা হয়েছে। এখন আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি অন্যান্য চা বাগান গুলোতে নারী চা শ্রমিকদের মধ্যে বিতরণ করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, দিলদারপুর চা বাগানের ব্যবস্থাপক আমিনুল ইসলাম, মেরিনা চা বাগান ব্যবস্থাপক গোলাম ফারুক, বিজয়া চা বাগান ব্যবস্থাপক হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কমর উদ্দিন কমরু, সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল হক বকুল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মিলন বৈদ্য, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম আলো, উপজেলা যুবদল নেতা, জুনেদ আহমদ, রাজন আহমদ, ইউপি সদস্য সাবিত্রী রানী রাজভর, মেরিনা পঞ্চায়েত সভাপতি খোকা নায়েক, আব্দুল করিম, আবুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, দিলদারপুর চা বাগান ১৭৬ টি, বিজয়া চা বাগানে ৮৪ টি, এবং মেরিনা চা বাগানে ২৭৩ সহ মোট ৫৩৩ জন রেজিস্ট্রার্ড শ্রমিকদের মধ্যে এসব রেইনকোট বিতরণ করা হয়। এ ছাড়াও পর্যায়ক্রমে অন্যান্য চা বাগান গুলোতে ও রেইনকোট বিতরণ করা হবে।
কুলাউড়ায় ২৫০০ নারী চা শ্রমিক পেলেন প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট

