২০০ কোটির পথে ‘দ্য কেরালা স্টোরি’

বিনোদন ডেস্ক : নতুন নজির গড়ার পথে বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। শুক্রবার ‘দ্য কেরালা স্টোরি’র প্রচারে কলকাতায় এসে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন জলপাইগুড়ির ভূমিপুত্র।

সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও কেন পশ্চিমবঙ্গে হল পাচ্ছে না ‘দ্য কেরালা স্টোরি?’ সেই নিয়ে বিস্ফোরক অভিযোগ এনেছেন পরিচালক। জানিয়েছেন হল মালিকদের কাছে হুমকি-ফোন আসছে।

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার প্রশ্ন, পদ্মাবতের ক্ষেত্রে শিল্পীর বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা মমতা তার ছবির বেলায় কেন অন্য অবস্থান নিচ্ছেন? এই বিতর্ক সঙ্গে নিয়েও বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘দ্য কেরালা স্টোরি’।

শুক্রবার ভারতে ৬.৬০ কোটির টিকিট বিক্রি হয়েছে এই ছবির। যার সুবাদে বক্স অফিসে সহজেই ১৭৫ কোটির মাইলস্টোন পার করে ফেলল ‘দ্য কেরালা স্টোরি’। তৃতীয় সপ্তাহে পা দিয়ে এই ছবির ঝুলিতে এখন পর্যন্ত রয়েছে ১৭৮.৩২ কোটি টাকা। শনিবার ও রোববার মিলিয়ে ছবির আয় বেশ খানিকটা বাড়বে। ফলে সপ্তাহান্তে ২০০ কোটির কাছাকাছি পৌঁছে যাবে ‘দ্য কেরালা স্টোরি’ তা একপ্রকার নিশ্চিত।

এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় জানান, ‘২০০ কোটির দিকে পা বাড়াচ্ছে… শনিবার ও রোববার নিঃসন্দেহে আয় বাড়বে। শুক্রবার ছবির কালেকশন ছিল ৬.৬০ কোটি টাকা। মোট আয় ১৭৮.৩২ কোটি টাকা’।

‘দ্য কেরালা স্টোরি’ সংবাদ শিরোনামে উঠে আসার আগে হাতেগোনা বেশকিছু ছবি ও তথ্যচিত্র পরিচালনা করেছিলেন তিনি। তবে সেভাবে খ্যাতি আসেনি। জানেন কী ‘দ্য কেরালা স্টোরি’ ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়লে নতুন ইতিহাস রচবেন সুদীপ্ত সেন। প্রথম বাঙালি পরিচালক হিসাবে বলিউডের ২০০ কোটির এলিট ক্লাবে ঢুকে পড়বেন তিনি।

সুদীপ্ত সেনের আগে একমাত্র বাঙালি পরিচালক অনুরাগ বসুর ‘বরফি’ ছবিটি ১০০ কোটির বেশি টাকা কামাই করেছে দেশের বক্স অফিসে। সুতরাং সুদীপ্ত সেনের হাত ধরে নতুন নজির গড়ার পথে বাঙালি। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের গোড়ার দিকেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন সুদীপ্ত সেন।

গত ৫ মে মুক্তি পেয়েছিল ধর্মান্তকরণের গল্প নির্ভর ‘দ্য কেরালা স্টোরি’। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি অভিনীত এই ছবি। প্রযোজনার দায়িত্বে বিপুল শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *