কুলাউড়া প্রতিনিধি: দেশের খ্যাতিমান সাংবাদিক ও লেখক মোস্তফা মামুনের বাবা, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ৫ জুলাই শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়াস্থ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এদিকে মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। শনিবার বিকেল ৬টায় পৌর শহরের দক্ষিণবাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন এর নেতৃত্বে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সুশীল চন্দ্র দে, মরহুমের ছোট ছেলে ও সুপ্রিম কোর্টের আইনজীবী কবি মোস্তফা মহসিনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আব্দুল হান্নান কুলাউড়া শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কর্মজীবনে তিনি একজন সৎ, আদর্শবান ও নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।
প্রয়াত আব্দুল হান্নান দৈনিক কালের কণ্ঠের সাবেক উপ-সম্পাদক, দেশ রূপান্তরের সাবেক সম্পাদক এবং প্রস্তাবিত বাংলা ও ইংরেজি দৈনিকের সম্পাদক মোস্তফা মামুনের বাবা।
শনিবার বাদ মাগরিব কুলাউড়া শহরের উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাত দশটায় নিজ গ্রামের বাড়ি কাদিপুর ইউনিয়নের ফরিদপুরে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন তাঁর বড় ছেলে সাংবাদিক মোস্তফা মামুন।
শোক প্রকাশ: বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান ও মাওলানা ফজলুল হক খান সাহেদ, টিবিএফ সভাপতি মইনুল ইসলাম শামিম, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান, সদস্য সচিব বদরুল হোসেন খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারন সম্পাদক এম. আতিকুর রহমান আখই, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খান, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মামুনসহ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

