কুলাউড়া প্রতিনিধি: ‘মরা ছাড়া আর কোনো গতি নাই’ লিখে নিজের ফেসবুক ওয়ালে এমন মর্মান্তিক একটি স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রাহাতুল ইসলাম রাহাত (৩০) নামের এক যুবক। রবিবার (৬ জুলাই) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের চাতলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের কারণে হতাশ হয়ে রাহাত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে রাহাতুল ইসলাম রাহাতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি হতাশা ও মানসিক অস্থিরতার নানা ইঙ্গিত দিচ্ছিলেন। মাত্র দুইদিন আগে তিনি রাসেল নামের এক যুবকের আত্মহত্যার সংবাদ শেয়ার করে ক্যাপশনে লেখেন- ‘আমারও পরিস্থিতি আসছে।’ এরও আগে ২৮ জুন তিনি লিখেন- ‘হঠাৎ সবাইকে ছেড়ে চলে যাবো।’ এমন পোস্টের নিচে নেটিজেনরা নানা সমালোচনা করছেন।
উল্লেখ্য, এর মাত্র ৪ দিন আগে কুলাউড়া পৌরশহরের উছলাপাড়ায় সুরাইয়া ইয়াছমিন রুহি (১৬) নামক এক স্কুলছাত্রীর লাশ ০৩ জুলাই বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত স্কুলছাত্রী রুহি কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

