জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়া থানা এলাকা থেকে ছিনতাই হওয়া সিএনজি সিলেট জেলার বিভিন্ন এলাকায় কুলাউড়া থানার একটি টিম শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে একটি সিএনজি অটোরিকশা উদ্ধারসহ দুইজন আসামিকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।
জানা যায়, গত ৫ ডিসেম্বর সিএনজি চালক রাছেল মিয়াকে ভাড়া করে কয়েকজন ব্যক্তি। পরে তারা কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর এলাকায় নিয়ে চালককে মারধর করে সিএনজি অটোরিকশা নিয়ে যায়। এর পরে চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সিএনজি চালকের অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেনের দিকনির্দেশনায় এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্ল্যার সার্বিক তত্ত্বাবধানে এসআই জুনেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাদেক মিয়া, এএসআই মিরাজুল ইসলাম, কনস্টেবল হাবিবুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্য ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল সিলেট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশা টি উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট দুইজন আসামিকে গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনিরুজ্জামান মোল্যা জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

