দক্ষিন সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, লালাবাজার স্কুল অ্যান্ড কলেজ, লালাবাজার ফাজিল মাদ্রাসা পরিচালনা পরিষদের বার বার নির্বাচিত সাবেক সভাপতি, দক্ষিন সুরমা কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য, সিলেট জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক আহবায়ক, বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সারিতে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা হুঁশিয়ার আলী আর নেই। তিনি ২২ ফেব্রুয়ারী বুধবার বাংলাদেশ সময় সাড়ে পাচটায় আমেরিকার নিউইয়র্ক সিটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি – রাজিউন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের লাশ বাংলাদেশে আসার পরে তার নিজ জন্মভূমি লালাবাজার ইউনিয়নের ফুলদি গ্রামে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই আব্দুল হক। সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুঁশিয়ার আলীর মৃত্যু সংবাদে গোটা ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষ বারের মত দেখতে গোটা ইউনিয়নবাসীসহ উপজেলার সুধীজন উদগ্রীব। তার মৃত্যুতে সর্বস্তরের মানুষ আজ শোকাভিভূত। ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন, সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, খায়রুল আফিয়ান চৌধুরীসহ এলাকার সুধীজন শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

