হারিস মোহাম্মদ: শ্রীমঙ্গল থানার অভিযানে ৬৭৬ গ্রাম গাঁজাসহ সুমন রায় (৪০) ফারুক মিয়া (৫৭) এবং উজ্জ্বল মিয়া নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১১ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল থানার ভুরভুরিয়া চা বাগান থেকে তাদেরকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই এহসানুল হক হীরার নেতৃত্বে পুলিশ শ্রীমঙ্গল থানার কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগানের জনৈক বাদল রিকিয়াসনের বাড়িতে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক বাদল রিকিয়াসন পালিয়ে গেলেও পুলিশ সেখান থেকে ৩ জনকে আটক করে।
পরে বসত ঘর এবং আটককৃত ব্যাক্তিদের তল্লাশি করে পলিথিনে মোড়ানো ও বিক্রির জন্য তৈরি করা ২২ টি পুড়িয়াসহ মোট ৬৮৬ গ্রাম গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সবাই মাদক ক্রয়বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে।
মুঠো ফোনে যোগাযোগ করা হলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, এ ঘটনায় আটককৃত ৩ জন এবং পলাতক একজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

