হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ বোতল বিদেশি মদসহ সুজিত পাশী ওরফে সিউজি পাশী (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় কমলগঞ্জ থানার এসআই পবিত্র শেখর দাসের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদ পেয়ে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের সরিষাবিল এলাকায় অভিযান চালিয়ে সুজিত পাশীকে আটক করেন।
পরে আটককৃত সুজিত পাশীর বসতঘরে তল্লাশি করে তার ঘরের খাটের নিচ থেকে ৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি ভারত সীমান্ত থেকে মদের বোতলগুলো বিক্রির জন্য এনেছে বলে স্বীকার করে। সে কমলগঞ্জ থানাধীন চাম্পারায় চা বাগানের সরিষাবিল গ্রামের মৃত জগন্নাথ পাশীর ছেলে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মঙ্গলবার মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

