কুলাউড়ায় পরিত্যক্ত শৌচাগার থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে দক্ষিণ বাজারের একটি পুরাতন ভবনের পরিত্যক্ত শৌচাগারের ভিতর থেকে অজ্ঞাত নারীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুলাউড়া শহরের দক্ষিণবাজারস্থ বাস স্ট্যান্ডের বিপরীত পাশের্^ অবস্থিত হাজী ইয়াকুব আলী ভবনের পেছন থেকে মঙ্গলবার দুপুরে আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। দুপুর ২টার দিকে ভবনের নিচে থাকা মার্কেটের কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে ভবনের পেছনে গিয়ে দেখতে পান পরিত্যক্ত টয়লেটে এক নারীর অর্ধ নগ্ন পঁচা লাশ উপুর করে ফেলে রাখা আছে এবং লাশের শরীরে পোকা আক্রমণ করেছে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরবর্তীতে বিকেলের দিকে মৌলভীবাজার থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি বিশেষ দল ঘটনাস্থলে আসে। তাদের উপস্থিতিতে লাশটি উদ্ধার করা হয়। পরে পিবিআই উদ্ধার হওয়া মহিলার লাশের ফিঙ্গার নিয়ে শনাক্ত করার চেষ্টা করে কিন্তু অর্ধগলিত ও পোকায় আক্রান্ত থাকায় লাশের পরিচয় মিলেনি।

প্রত্যক্ষদর্শী ও ভবনের ব্যবসায়ীরা জানান, নারীর গলায় ওড়না দিয়ে প্যাঁচানো ও পেঠের একটি অংশ ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। এমনকি ধারণা করা যাচ্ছে কেউ বা হয়তো এই অজ্ঞাত নারীকে গণধর্ষণ করার পর হত্যা করেছে। এছাড়া ভবনের পেছনে খালি অংশে ঝোপঝাড়। মার্কেটের লোকজন সেখানে তেমন যাওয়া আসা করেন না। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় খুঁজতে গিয়ে লাশটি টয়লেটের ভিতর ফেলে রাখা অবস্থায় দেখতে পাওয়া যায়।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, একটি পরিত্যক্ত শৌচাগার থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে পোকা ও অর্ধগলিত হওয়ায় ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। পিবিআইয়ের একটি দল লাশের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *