কুলাউড়ায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে সুলতানা রহমান

মো: মছব্বির আলী, মৌলভীবাজার:
কর্মময় জীবন থেকে অবসরের মাধ্যমে দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা পেশার সমাপ্তি হলো শিক্ষক সুলতানা রহমানের। ১৯৮৬ সালে বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করা কর্মময় জীবনের ইতি টানলেন সহকর্মী, বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীদের হৃদয় নিংড়ানো ভালোবাসার মধ্য দিয়ে। কুলাউড়া পৌরসভার আমীর ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা রহমানের বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে ২৯ জুন রোববার বিদ্যালয়ে নানা আয়োজন করা হয়। এসময় প্রিয় শিক্ষককে বিদায় দিতে সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুলে হাজির হয় শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের জন্য। শিক্ষার্থী ও সহকর্মী সবাই অশ্রুসিক্ত। বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। সকলের ভালোবাসায় সিক্ত বিদায় সংবর্ধনা শেষে ফুলেল সজ্জিত গাড়িতে প্রাক্তণ শিক্ষার্থী ও সহকর্মীরা বিদায়ী শিক্ষক সুলতানা রহমানকে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে বাড়ি পৌঁছে দেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইফতেখায়ের হোসেন ভূঁঞা। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ শফিকুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বিদায়ী সহকারী শিক্ষক সুলতানা রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রাজিব মিয়া, কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও সংবর্ধিত শিক্ষকের স্বামী মোঃ লুৎফুর রহমান, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল। এসময় অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমি চক্রবর্তী, প্রাক্তণ শিক্ষার্থী সুজন আহমদ ও লিংকন তালুকদার। মানপত্র পাঠ করেন প্রাক্তণ শিক্ষার্থী তাইয়্যিবা সিদ্দিকা প্রেমি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুলতানা রহমান শুধু শিক্ষকই ছিলেন না। একজন যোগ্য অভিভাবকও ছিলেন। তাঁর সততা, মহত্ব ও কর্মকুশলতা আমাদের গর্বের বস্তু। স্কুল প্রতিষ্ঠার সময়কাল থেকে তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বিদ্যালয়টি যখন প্রতিষ্ঠিত হয়েছিল তিনি তখন থেকেই এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকায় আদর্শ শিক্ষার্থী গড়ার পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নেও রয়েছে অফুরন্ত সহযোগিতা।
বিদায়ী শিক্ষক সুলতানা রহমান বলেন, মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে ৫৯ বছর পূর্ণ হওয়ায় অবসরে যাচ্ছি। কিন্তু আমার দোয়া ও ভালোবাসা রেখে গেলাম। তোমরা শিক্ষার্থীরা ভালো করে লেখাপড়া কর। তোমরা নিজেদেরকে মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে। তোমরা আমাকে যেভাবে সম্মানের দিয়ে বিদায় দিয়েছ তা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি সুযোগ পেলেই তোমাদের কাছে আসবো, তোমাদের লেখাপড়ার খোঁজ নিবো। দীর্ঘ কর্মময় জীবনে দায়িত্ব পালনে সহযোগিতা পাওয়া সকল সহকর্মী, প্রাক্তণ-বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগকে কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য, আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক সুলতানা রহমানকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিভিন্ন ধরণের উপহার সামগ্রী প্রদান করা হয়। শিক্ষক সুলতানা রহমানের বাড়ি উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের করেরগ্রামে।
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026
কুলাউড়ায় বার্ষিক পাবলিক টাউন হল সভা
November 19, 2026