কুলাউড়ায় হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য মারুফের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য সদস্য মারুফ আহমদ নাজিমের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গত ২১ অক্টোবর হত্যাচেষ্টা মামলায় কুলাউড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, রাউৎগাঁও ইউনিয়নের বাসিন্দা সোহেল আহমদকে পূর্ব বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে গত ২ এপ্রিল স্থানীয় পীরের বাজার এলাকায় লাঠি-রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয়। হামলায় সোহেল আহমদের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তিনি প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর ভুক্তভোগী সোহেল আহমদ আদালতে মামলা দায়ের করলে তা তদন্ত করে পিবিআই। তদন্তে আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলার সুস্পষ্ট প্রমাণ মেলায় প্রধান আসামি ইউপি সদস্য মারুফ নাজিমসহ অন্যান্যদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্বে টাকা-পাওনা ও স্থানীয় মসজিদে তারাবির নামাজের সময় হাতাহাতির ঘটনায় আসামি ও বাদীর মধ্যে বিরোধ তৈরি হয়। এরই জের ধরে প্রধান আসামি মারুফ নাজিম ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে বাদীকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালান। হামলার সময় আসামিরা বাদীকে প্রাণে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেন। পিবিআই সূত্র জানায়, মামলার ৩ জন প্রত্যক্ষদর্শী সাক্ষী ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং হাসপাতালের মেডিক্যাল রিপোর্টে গুরুতর জখমের সত্যতা প্রমাণিত হয়েছে। আদালত মামলার নথিপত্র পর্যালোচনা করে জামিনের পর্যাপ্ত কারণ না থাকায় প্রধান আসামি মারুফ নাজিমের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *