জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতিন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১ জুন সোমবার দুপুর ১২টায় ঢাকাস্থ মিরপুরে তাঁর নিজ বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১। প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর মৃত্যুতে কুলাউড়ায় তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও নিজ এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, মো: আব্দুল মতিন ১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ধন্ধিতা করে এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মহাজোটের প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
এছাড়া তিনি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জয়চন্ডী ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মরহুম আব্দুল মতিনের ভাতিজা প্রভাষক ফরহাদ আহমদ বলেন, দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন আমার চাচা। সোমবার দুপুরে ঢাকার বাসায় আমার চাচা মারা গেছেন। চাচার লাশ নিয়ে কুলাউড়ার উদ্দেশ্য রওনা দেয়া হয়েছে। ২জুন মঙ্গলবার তাঁর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শোক প্রকাশ: সাবেকএমপি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতিন এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন কুলাউড়াথেকে নবনির্বাচিত এমপি আলহাজ্ব মো: শওকতুল ইসলাম শকু, সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো: রেদওয়ান খান, বর্তমান সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো: আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো: জাকির হোসেন ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এম. আতিকুর রহমান আখই, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হেসেন, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, স্বদেশমেইল সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম খান, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

