হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে : গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সংযুক্ত আরব আমিরাত জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগঠক এইচ এম এরশাদুল আলম আর আমাদের মাঝে নেই। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি ৯ জুন মঙ্গলবার রাত ৯টায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায়, কক্সবাজারে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। মরহুম এইচ এম এরশাদুল আলম ছিলেন অত্যন্ত আন্তরিক, সদালাপী, বিনয়ী এবং সংগঠনের প্রতি নিবেদিতপ্রাণ একজন কর্মী। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও শ্রমজীবী মানুষের কল্যাণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তাঁর সৌহার্দ্যপূর্ণ আচরণ, মানবিক গুণাবলি এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাঁকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। তাঁর অকাল প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল,শ্রমিক দলের জন্য এক অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা, তিনি যেন মরহুমের জীবনের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক ধৈর্য ও সাহসের সঙ্গে বহন করার তাওফিক দান করেন। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। উল্লেখ্য, মরহুম এইচ এম এরশাদুল আলম এর জানাযার নামাজ ১০ জুন জোহরের নামাজের পর চট্টগ্রাম হযরত শাহ্ মোহছেন আউলিয়া মাজার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

