কুলাউড়ায় পুলিশের পোশাকে ডাকাতি!

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ব্রাহ্মণবাজার ইউনিয়নের লুয়াইউনি চা বাগান এলাকায় রোববার দিবাগত রাতে পুলিশের পোশাক পরিহিত ডাকাতদলের কবলে পরে সবকিছু লুটের অভিযোগ উঠেছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা মাছুম আহমদ ২৮ জুন রোববার দিবাগত মধ্যরাতে পরিবার নিয়ে নিজের গাড়ীতে বিয়ানীবাজার থেকে কুলাউড়া হয়ে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে কুলাউড়া মৌলভীবাজার সড়কের লুয়াইউনি চা বাগান এলাকায় পৌছালে ডাকাতরা রাত প্রায় দেড়টার দিকে গাড়ির গতিরোধ করে মাছুম আহমদের সাথে থাকা নগদ এক লক্ষ টাকা, তার স্ত্রী ও মেয়ের গলায় থাকা রুপার চেইন, কানে ও নাকে থাকা স্বর্ণের কানের দুল ও নাকফুলসহ অনেক মালামাল এবং তাদের সাথে থাকা ৪ টা মোবাইল ফোন নিয়ে যায়। বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে প্রতিকার চান। এসময় ভিডিওটি ভাইরাল হলে ওই সড়কে যান চলাচলকারী যাত্রীসহ চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার গভীর রাতে কুলাউড়া থানা এলাকার লুয়াইউনি চা বাগান এলাকায় সংগঠিত উক্ত ঘটনা তদন্তে কুলাউড়া থানা পুলিশ ছাড়া গোয়েন্দা পুলিশের একাধিক টিম কাজ করছে। ইতিমধ্যে গাড়িটি হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ পাইনি।

এ বিষয়ে মাসুম আহমদেরর মোবাইলে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, গত ২৩ জুন মঙ্গলবার মধ্যরাতে কুলাউড়ার বরমচাল ইউনিয়নের পূর্ব সিঙ্গুর গ্রামের বাসিন্দা জয়নাল মিয়ার ছেলে আমেরিকা প্রবাসী জুনেল আহমদ তার পরিবার ও আত্মীয়-স্বজনসহ সিলেট থেকে বাড়ি ফেরার পথে ফেঞ্চুগঞ্জ-ব্রাহ্মণবাজার সড়কের মুমিন ছড়া চা-বাগান এলাকার কালাকাটি নামক স্থানে ডাকাতির শিকার হন। ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, পুলিশের পোশাক পড়ে গাড়ি আটকিয়ে ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে আমেরিকা প্রবাসী জুনেল আহমদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতির ঘটনায় জুনেলের আত্মীয় রাগিব জিসান মান্না বাদী ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *