মৌলভীবাজার প্রতিনিধি: সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব ও পরিচ্ছন্ন পরিবেশে উপযোগী করার লক্ষ্যে বশিরুল হোসেন মডেল সরকারি প্রাথমিক (বি এইচ) বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর রোববার দুপুরে বিদ্যালয়ের সভাপতি কুলাউড়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. জমসেদ খান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খুরশেদ আলম এবং প্রধান শিক্ষক ড. আবদুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এ সময় বিদ্যালয়ের আঙিনা ও আশপাশের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
এক প্রতিক্রিয়ায় স্কুলের সভাপতি মো: জমসেদ খান জানান, উপজেলা শিক্ষা অফিসের নির্দেশে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালিত করছি। মূলত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানসম্মত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বিদ্যালয় আঙিনা যাতে কোনোভাবেই অস্বাস্থ্যকর না থাকে, কোথাও যাতে ময়লা-আবর্জনা জমে না থাকে এবং শ্রেণিকক্ষগুলোও যাতে অপরিষ্কার না থাকে সেজন্য এই অভিযান। এ বিষয়ে কুলাউড়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধান শিক্ষকদের সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম সারা বছর অব্যাহত রাখতে হবে, শিক্ষা কার্যক্রমের আওতায় পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি ক্লাস রুটিনে অন্তর্ভুক্ত করতে হবে, আবশ্যিকভাবে খেলার মাঠ যথাসম্ভব পরিচ্ছন্ন ও খেলাধুলার উপযোগী রাখতে হবে।

