স্বাস্থ্য সেবায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে-এমপি শওকতুল ইসলাম

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের সবক’টি উপজেলার ৫০ শয্যা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। ১৮ জুলাই শনিবার দুপুরে পৌর শহরের স্টেশন চৌমুহনীস্থ কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সার্ভিসেস এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সিলেট বিভাগের স্বনামধন্য ডাক্তারগনের সমন্বয়ে এই প্রতিষ্ঠানটিতে সাধারণ জনগন যাতে সহজলভ্য চিকিৎসা পায় সে বিষয়টি নিশ্চিত করার জন্য উদোক্তাদের প্রতি আহবান জানাচ্ছি। তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৫ বছরে কুলাউড়ার কাঙ্খিত উন্নয়ন হয়নি। আমি সংসদে যখনই কথা বলার সুযোগ পাই তখনই কুলাউড়ার স্বাস্থ্যসেবাসহ সকল বিষয়ে উন্নয়নের জন্য দাবি রাখি। সরকারের আন্তরিক সহযোগিতায় ইতিমধ্যে কুলাউড়ার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখছি। আগামী ৫ বছরে কুলাউড়াকে একটি মডেল উপজেলায় রুপান্তরিত করবো।

এর আগে প্রধান অতিথি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা: মোহাম্মদ ইকবাল আহমদের সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার রনি দাস এর পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ড্যাব এর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. মোঃ নাজমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদওয়ান খান, নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আলমগীর আদিল সামদানি, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেলুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন-কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল ওয়াহিদ, ডা: মো: উমর বিন আব্দুল আজিজ নাদিম, ডা: জিয়াউল কবির জিন্না খান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, প্রতিষ্ঠানটির পরিচালক ডা: মোহাম্মদ জাকারিয়া, ডা: তাফহীমুল ইসলাম চৌধুরী (ইমাম), ডা: ইনাম উল মৌলা জুবায়ের ও ডা. সৈয়দ ফারহানুজ্জামানসহ অন্যান্য ডাক্তারগণ। কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত করেন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাও: আহসান উদ্দিন।

উল্লেখ্য, ‘নিভুল রিপোর্টের নিরাপদ ঠিকানা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহে ৭ দিন চিকিৎসা সেবার নিশ্চয়তা ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ল্যাবরেটরি নিয়ে কুলাউড়া তথা বৃহত্তর মৌলভীবাজারবাসীর সেবায় চালু হয়েছে কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সার্ভিসেস। এই প্রতিষ্ঠানে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ২৩ জন চিকিৎসক পুরো সপ্তাহ জুড়ে সেবা দিয়ে যাবেন। এছাড়া অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ল্যাবরেটরি টেস্ট করতে পারবেন রোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *