জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিব আলীর বাড়িতে সোমবার বিকেলে উপস্থিত হয়ে নিহত মুজিবের পরিবারের সদস্যদের হাতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তার পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি।
এ ছাড়া কুলাউড়া সরকারি কলেজের সাবেক এজিএস শফি আহমদ দিনারের দেয়া নগদ অর্থ ও স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের টাকা মুজিবের স্ত্রী ও সন্তানদের হাতে তুলে দেন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান, বর্তমান সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক সহ সভাপতি আলমগীর ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওছার আহমদ নিপার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সাংবাদিক মহি উদ্দিন রিপন, ইব্রাহিম আলী, ওয়াদুদ আহমদ, শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন আহমদ, সাধারণ সম্পাদক জামাল আহমদ, বিএনপি নেতা নেফুর আহমদ, শামসুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন আহমদ, জাসাসের উপজেলা সদস্য সচিব সালমান হোসাইন প্রমুখ।
উল্লেখ্য গত ১২ জুন সন্ধ্যায় কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে মুজিব নিহত হন। পরবর্তীতে ১৪ জুন সন্ধ্যায় চাতলাপুর চেকপোস্টে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নিহতের মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
গত মাসে ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ অধিবেশন চলাকালে এমপি শওকতুল ইসলাম নিহতের বাড়িতে বিএনপি নেতৃবৃন্দদের পাঠিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং এ ধরনের সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ জানান।

