বেতাগীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোলায়মান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলায়মান ওই এলাকার ওহাব আলী মোল্লার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে সোলায়মান নিজ ঘরে বিদ্যুতের ফ্যান চালানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বছরখানেক আগে সোলায়মান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাবা ওহাব আলী মোল্লা বললেন, সোলায়মান ঘরে বিদ্যুতের ফ্যান চালু করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এভাবে ছেলেকে হারাতে হবে, তা কখনো ভাবিনি। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন বললেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. হারুন-অর-রশিদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *