মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে থানার দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) মুখ চেপে দুর্বৃত্ত কর্তৃক অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। ১০ নভেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনাটি ঘটে। ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁরা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে একটি বাসায় ভাড়া থাকেন বলে জানা গেছে।
পুলিশ সদস্যের স্বামীর ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে থানায় দায়িত্ব পালন শেষে হেঁটে বাসায় ফিরছিলেন তাঁর স্ত্রী। তখন তিনি পুলিশের ইউনিফর্ম পরা ছিলেন না। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে এক তরুণ তাঁর মুখ চেপে ধরেন। এরপর তাঁকে জোর করে সড়কের পাশের একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কাছেই মোটরসাইকেলে আরেক তরুণ অপেক্ষা করছিল। ওই নারী কনস্টেবল চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে পালিয়ে যায়।
নারী কনস্টেবলের স্বামী জানান, তার স্ত্রী প্রায়ই থানার দায়িত্ব শেষে হেঁটে একা বাসায় ফেরেন। ঘটনার দিনও একইভাবে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন। তবে দুবর্ৃৃত্তরা তার স্ত্রীর কাছ থেকে কিছু নিতে পারেনি। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম বুধবার সন্ধ্যায় এই প্রতিবেদককে বলেন, ওই নারী পুলিশ কনস্টেবল প্রতিদিন ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ইউনিফর্ম পড়ে থানায় দায়িত্ব পালন করেন। পরে সিভিল পোশাকে বাসায় ফেরার পথে পথিমধ্যে দুই তরুণ নির্জনস্থানে মোটরসাইকেল নিয়ে তার গতিরোধ করে। এসময় ঘটনাস্থলে ওই দুই তরুণ নারী পুলিশ সদস্যকে ধাওয়া করলে নারী পুলিশ সদস্য তাদের প্রতিহত করে। এসময় উভয়েই মাটিতে পড়ে গেলে নারী পুলিশ চিৎকার শুরু করে। তিনি আরো বলেন, আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকে পুলিশের অভিযান চলছে।

