মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দেওছড়া থেকে সিলিকা বালু লুটের মহোৎসব চলছে ম্যালাদিন থেকে। সম্প্রতি কুলাউড়া উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বেশ কিছু বালু জব্দ করে। জব্দকৃত বালু বিক্রি ও দেওছড়া থেকে সিলিকা বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে ১১ নভেম্বর বুধবার দুপুরে হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্থানীয় বাসিন্দা সুলতান মিয়া পাখির ছেলে সালমান মিয়াকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা ও একই অভিযোগে ৯জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনের নামে মামলা দায়ের করার নির্দেশনা দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস।
খোঁজ নিয়ে জানা গেছে, দেওছড়া থেকে হাজীপুর ইউনিয়ন ও কমলগঞ্জের একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র দীর্ঘদিন থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে বিক্রি করছে। সম্প্রতি কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস অভিযান চালিয়ে উত্তোলিত বালু জব্দ করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক জব্দকৃত বালু নিলামে বিক্রির জন্য গত ৯ নভেম্বর কুলাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ২০ হাজার ঘনফুট বালুর সরকারি মূল্য ৩০ হাজার টাকা ধরা হয়। ওই বালু নিলামে নেয়ার জন্য অংশগ্রহণকারীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ১০ হাজার টাকার পে-
অর্ডার জমা দেয়ার কথা বলা হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস সরেজমিনে দেওছড়া এলাকায় উপস্থিত হন। এসময় কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার প্রায় দেড় শতাধিক লোকজন পে-অর্ডার নিয়ে হাজির হন। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত বালু বেশিরভাগই চুরি হয়ে গেছে দেখতে পেয়ে নিলাম কার্যক্রম বাতিল করেন উপজেলা প্রশাসন।
জব্দকৃত বালু বিক্রি ও দেওছড়া থেকে সিলিকা বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে মামলায় আসামীরা হলেন, কমলগঞ্জের রাঙ্গাটিলা গ্রামের মৃত বাতির মিয়ার ছেলে শাহিন মিয়া, গুঞ্জরকান্দি গ্রামের বুলু মিয়ার ছেলে সালমান মিয়া, হাজীপুর ইউনিয়নের বিলেরপাড়ের মৃত বাদশা মিয়ার ছেলে সুলতান মিয়া (পাখি), শমসেরনগরের গুঞ্জরকান্দি গ্রামের আব্দুস শহিদের ছেলে লোকমান মিয়া, মৃত আব্দুল মনাফের ছেলে আব্দুল শহিদ, মৃত সফুর মিয়ার ছেলে সাইফুল মিয়া, কুলাউড়ার হাজীপুরের পশ্চিম বিলের পাড়ের হানিফ মিয়ার ছেলে দিলাল মিয়া, মাহমুদ আলীর ছেলে মশাহিদ আলী ও পাবই গ্রামের বাসিন্দা উজ্জলসহ অজ্ঞাতনামা ২০ জন। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে দেওছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করার অভিযোগ ছিল।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস বলেন, জব্দকৃত বালু চুরি করে নিয়ে যাওয়ার কারণে নিলাম কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে বালু জব্দ করে নিলাম করা হবে। তিনি আরো বলেন, বালু বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে সালমান নামের একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই অভিযোগে জড়িত ৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করার জন্য হাজীপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

