রাজাপুর সেতু-৩৮ কোটি টাকার কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও! ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল-৩ কোটি টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মনু নদীর ওপর ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘রাজাপুর সেতু’ নির্মাণের কাজ প্রায় পাঁচ বছর আগে শেষ হয়েছে। ফলে নির্মাণ শেষ হওয়ার দীর্ঘ সময় ধরে নির্মিত সেতুটি অবহেলায় পড়ে আছে। এদিকে ৩৮ কোটি টাকা ব্যয়ে সেতুর দুই পাশে সাড়ে ৭ কিলোমিটার সংযোগ সড়কের কাজ দীর্ঘ ৬ মাস ধরে ফেলে রেখে উধাও হয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান জামিল ইকবাল। যার জন্য মনু নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ নিরসনে নির্মিত রাজাপুর সেতু কোন কাজেই আসছে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হওয়ায় ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবালের কার্যাদেশ বাতিলসহ ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সংযোগ সড়কের কাজ অসম্পূর্ণ থাকায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। সড়কটির কাজ সম্পন্ন হলে তাদের দুর্ভোগ অনেকটা লাঘব হতো। কিন্তু গত ৬ বছরেও তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। এদিকে সংযোগ সড়কের কাজ পুনরায় চালু করার জন্য মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বরাবরে গত ৪ নভেম্বর একটি লিখিত আবেদন দেন স্থানীয় এলাকার বাসিন্দা মো: ফয়জুল হক, আতাউর রহমান বাবলু, বোরহান আহমদ, সামছুজ্জামান, সালমান হোসাইন, আব্দুল আহাদ, আজিজ মিয়াসহ প্রায় শতাধিক লোকজন।

মৌলভীবাজার সওজ অধিদপ্তর ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুলাউড়ার দক্ষিণাঞ্চলে পৃথিমপাশা, হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের মানুষের লাগাতার আন্দোলনের পর ২০১৮ সালে রাজাপুর পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পটি একনেক সভায় অনুমোদন হয়।  পরে সওজ অধিদপ্তর মনু নদের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পে ‘কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর সড়কের ১৪তম কিলোমিটারে ২ শত ৩২ দশমিক ৯৪ মিটার পিসি গার্ডার সেতু, সাড়ে ৭ কিলোমিটার সংযোগ সড়ক ও জমি অধিগ্রহণ নির্মাণ প্রকল্প অনুমোদন করে তৎকালীন আওয়ামীলীগ সরকার। কাজের ব্যয় ধরা হয় ৯৯ কোটি ১৭ লাখ ৩৮ হাজার টাকা। ৩৪ কোটি টাকা ব্যয়ে ‘জন্মভূমি-ওয়াহিদুজ্জামান-নির্মিতি’নামের সিলেটের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২১ সালের জুন মাসের দিকে সেতুর নির্মাণ কাজ শেষ করে। এদিকে ২০২০ সালে কার্যাদেশ পাওয়া প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে সেতুর দুই পাশে সাড়ে সাত কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের কাজ পায় ‘জামিল-ইকবাল’ নামের সিলেটের আরেকটি যৌথ ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০২২ সালের এপ্রিল মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ভুমি অধিগ্রহণসহ নানা জটিলতা থাকায় পরবর্তীতে তিন দফায় কাজের মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানা হয়।

পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, দীর্ঘদিন ধরে রাজাপুর সেতুর সংযোগ সড়কের কাজ বন্ধ রয়েছে। তিন ইউনিয়নের জনগণের স্বার্থে দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করতে হবে। রাজাপুর সড়কটি পূর্ণাঙ্গভাবে চালু হলে শরীফপুর ও হাজীপুর ইউনিয়নের মানুষ কুলাউড়া উপজেলা সদরে যাতায়াতে সময় ও দূরত্ব অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারসহ আশপাশের এলাকার ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনে ইতিবাচক গতি ফিরবে।

হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু বলেন, সংযোগ সড়কের কাজ শেষ হওয়ার পর রাজাপুর সেতুটি চালু হলে ভারতের কৈলাশহর থেকে চাতলাপুর চেকপোস্ট হয়ে আমদানি পণ্য দ্রুত চলে আসবে কুলাউড়া, জুড়ী, বিয়ানীবাজার, বড়লেখাসহ সিলেট অঞ্চলের বিভিন্ন বাজারে। আবার হাকালুকি হাওরের মাছ ও স্থানীয় ভাটাগুলোর ইট দ্রুত রপ্তানি হবে ভারতে। দূরত্ব কমে আসবে প্রায় সাড়ে ১১ কিলোমিটার। কমবে খরচ ও পণ্যের বাজার দর। চাতলাপুর স্থলবন্দরে বাড়বে আমদানি-রপ্তানি ব্যস্ততা, হবে কর্মসংস্থান। রাজাপুর সেতুটি উদ্বোধনের অপেক্ষার প্রহর গুনছে কুলাউড়াসহ আশপাশের কয়েকটি উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান জামিল ইকবালের সাইট ইঞ্জিনিয়ার রাহাত ইসলাম মুঠোফোনে বলেন, কাজ বাতিলের বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারবো না। প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাসহ সড়ক বিভাগের লোকজন ভালো বলতে পারবেন।

কাজের তদারকির দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজারের উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন বলেন, দীর্ঘ ৬ মাস ধরে কাজ বন্ধ রাখার কারণে ঠিকাদারী প্রতিষ্ঠান জামিল ইকবালকে একাধিকবার চিঠি দেয়া হয়। কিন্তু তারা চিঠির কোন উত্তর না দেয়ায় তাদের কাজের চুক্তি বাতিলের সুপারিশ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিলে তাদের কার্যাদেশ জরিমানাসহ বাতিল করা হয়। বর্তমানে কাজের অগ্রগতি ৫১ শতাংশ। মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারা ও গাফিলতির কারণে ঠিকাদারী প্রতিষ্ঠান জামিল ইকবালের কার্যাদেশ বাতিল করে ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। কাজটি বাস্তবায়নের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন করে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে মন্ত্রণালয় থেকে উর্দ্ধতন টিমের পরিদর্শনের মাধ্যমে চলমান প্রকল্পের সমাপ্তি ঘটবে। অবশিষ্ট কাজ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমাদের দপ্তরের নিয়ম অনুযায়ী খুব শীঘ্রই শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *