ভয়াল ১৫ নভেম্বরের স্মৃতি এখনোও তাড়া করে বেড়ায় উপকূলবাসীকে

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতের ১৯ বছর পেরিয়ে গেলেও ভয়াল সেই রাতের স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় উপকূলের মানুষকে। ২০০৭ সালের ১৫ নভেম্বরের সেই রাতে লন্ডভন্ড হয়েছিলো দেশের উপকূলীয় অঞ্চল।
দিনটি ছিল বৃহস্পতিবার। সকাল থেকেই উপকূলজুড়ে বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। দুপুরের পর থেকে বাড়তে থাকে বাতাসের বেগ। সন্ধ্যার পরে তীব্রতা আরও বাড়ে। রাত ৯টার দিকে সুন্দরবনে আঘাত হানে সিডর। এরপর এটি বরিশাল ও খুলনা উপকূল অতিক্রম করে। উপকূল অতিক্রম করার সময় বাতাসের স্থায়ী গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ উঠেছিল ৩০৫ কিলোমিটার পর্যন্ত।
ঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস প্লাবিত করে উপকূলীয় অঞ্চল। জলোচ্ছ্বাসের তোড়ে মুহূর্তের মধ্যে পানির নিচে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম ও জনপদ। ধ্বংসযজ্ঞ চলে বাগেরহাট, পিরোজপুর, বরগুনা পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, লক্ষ্মীপুর, ঝালকাঠিসহ দেশের প্রায় ৩১টি জেলায়।
সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চারটি জেলার মধ্যে বরগুনা অন্যতম। বিষখালী নদীর তীরবর্তী হওয়ায় পুরো জেলার ওপর দিয়েই প্রবল জলোচ্ছ্বাস ও ঝড়ো হাওয়া বয়ে যায়।
সরকারি হিসাব অনুযায়ী বরগুনা জেলায় মোট ১ হাজার ৩৪৫ জন প্রাণ হারান এবং ১৫৬ জন নিখোঁজ হন। তবে বেসরকারি হিসাবে নিহতের সংখ্যা প্রায় দুই হাজার ছাড়িয়ে গিয়েছিল।
এর মধ্যে বেতাগী উপজেলায় নিহত হয়েছেন ৪১ জন এবং আহত হয়েছিল ১ হাজার ৫০০ জনের বেশিী। ২০০৭ সালের ১৫ নভেম্বরের সিডরের আঘাতে বেতাগী উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে প্রায় ২৫ হাজারের বেশি কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়। প্রায় ৮ হাজার ঘরবাড়ি পুরোপুরি ভেসে গিয়েছিলো স্রোতের সাথে।সেদিন প্রায় ৫ মিটার (১৫-১৬ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূলীয় ও নদীতীরবর্তী বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। জেলার মোট ৮৫০ কিলোমিটার বেড়িবাঁধের বড় একটি অংশ সে সময় বিধ্বস্ত হয়েছিল।
জেলার লাখো পরিবার ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। বিষখালী পাড়ের বেতাগী ও আশপাশের এলাকায় কাঁচা ও টিনশেড ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে।
নোনাপানি ঢুকে পড়ায় আমন ধানের খেত, পানের বরজ, গাছপালা ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। এছাড়া অসংখ্য গবাদিপশু মারা যায় এবং মৎস্য খামার ভেসে যায়।
(Relief web)-এ প্রকাশিত বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের যৌথ মূল্যায়ন (JDNLA) প্রতিবেদন অনুযায়ী, সারা দেশে সিডরে মোট আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১১ হাজার ৫৬০ কোটি টাকা (১.৭ বিলিয়ন মার্কিন ডলার)। এতে সারাদেশে সরকারি হিসাবে ৩ হাজার ৪০৬ জন নিহত হন এবং প্রায় ৮৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন।
কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয়ক কমিটির সভা অনুষ্ঠিত
November 16, 2026
কুলাউড়া সীমান্তে তিন বছরে বিএসএফের গুলিতে ৭ জনের মৃত্যু
November 16, 2026
জাতীয় মহিলা দাবার নতুন রানি ওয়াদিফা আহমেদ
November 15, 2026