কুলাউড়া সীমান্তে তিন বছরে বিএসএফের গুলিতে ৭ জনের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী তিন ইউনিয়নে চোরাকারবারীদের দৌরাত্ম ব্যাপক হারে বেড়েছে। চোরাচালান সিন্ডিকেট চক্রের মাধ্যমে টাকার লোভে পড়ে সীমান্ত এলাকায় গিয়ে চোরাই মালামাল আনতে গিয়ে প্রাণ হারাচ্ছেন একের পর তরুণ-যুবকরা। গত তিন বছরে কুলাউড়া সীমান্তে ভারতীয় চোরাই মালামাল পরিবহন করতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেছে ৬ জন। এছাড়া কুলাউড়ার লালারচক সীমান্ত দিয়ে ভারতে থাকা ভাইকে দেখতে গিয়ে কাঁটাতারের কাছে বিএসএফের গুলিতে নিহত হয় স্বর্ণা দাস (১৬) নামের এক কিশোরী। অন্যদিকে চোরাচালান দ্বন্ধে শরীফপুর ইউনিয়নে স্থানীয় একটি সিন্ডিকেট চক্রের হাতে নির্মমভাবে খুন হন জাবেল মিয়া (২৬) নামের এক যুবক।
জানা গেছে, কুলাউড়া উপজেলার কর্মধা, পৃথিমপাশা ও শরীফপুর ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম সীমান্তের নিকটবর্তী হওয়ায় এসব এলাকায় চোরাচালানের ঝুঁকি তুলনামূলক বেশি। ভারতীয় ও বাংলাদেশি চোরাকারবারীদের পারস্পরিক যোগসাজশে মাদকদ্রব্যসহ বিভিন্ন ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে। সীমান্তের দুর্গম ও পাহাড়ি ভূপ্রকৃতি, ঘন বনাঞ্চল এবং বিস্তৃত সীমান্ত এলাকার সুযোগ কাজে লাগিয়ে চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে তাদের অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। সীমিত জনবল ও প্রয়োজনীয় সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিজিবি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসব অভিযানে নিয়মিত চোরাচালানি মালামাল জব্দ ও জড়িত ব্যক্তিদের আটক করা হচ্ছে। তবে প্রচলিত আইনের বিভিন্ন সীমাবদ্ধতা ও আইনি প্রক্রিয়ার সুযোগ কাজে লাগিয়ে আটককৃত অনেক চোরাকারবারী অল্প সময়ের মধ্যে জামিনে মুক্ত হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে চোরাচালান চক্রের মূল হোতারা অনেক ক্ষেত্রে আড়ালে থেকে যাচ্ছে এবং অর্থের প্রলোভন দেখিয়ে তরুণ-যুবকদের ঝুঁকিপূর্ণ ও অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে। এর ফলে সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, ২০২৩ সালের ২ অক্টোবর বিকেলে শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে ফেরদৌস আহমদ (১৪) কে বিএসএফ গুলি করে আহত করে। গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। নিহত ফেরদৌস লালারচক এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে। ২০২৪ সালের ১৭ মার্চ পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে পারভেজ হোসেন সাদ্দাম (১৫) কে বিএসএফ গুলি করে হত্যা করে। নিহত সাদ্দাম কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর রাতে স্বর্ণা রাণী দাস নামে এক কিশোরীকে শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত দিয়ে ভারতে থাকা তার ভাইকে দেখতে যাওয়ার সময় কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। নিহত স্বর্ণা জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের পরেন্দ্র চন্দ্র দাসের মেয়ে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
২০২৫ সালের ৩১ মে শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে রাত ১১টার দিকে বিএসএফের গুলিতে নিহত হন প্রদীপ বৈদ্য (২২) নামে এক যুবক। নিহত প্রদীপ দত্তগ্রামের বাসিন্দা শৈলেন্দ্র বৈদ্যর ছেলে।
২০২৫ সালের ৪ ডিসেম্বর কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বিএসএফের গুলিতে নিহত হন সুকিরাম উড়াং (২৫) নামে এক যুবক। তিনি মুরইছড়া চা-বাগান বস্তির দাসনু উরাংয়ের ছেলে।
২০২৫ সালের ১ মার্চ সন্ধ্যায় শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে চোরাকারবারিদের পূর্ব বিরোধের জেরে জাবেল মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত যুবক জাবেলের পিতা রহমত আলী বাদী হয়ে ২ মার্চ দুপুরে ১২ জনের নামোল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। চোরাচালান নিয়ে দ্বন্ধে গত বছরের ২৭ ফেব্রুয়ারি স্থানীয় বাসিন্দা জাবের মিয়া, আসাইদ মিয়া ও পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের চিহ্নিত চোরাকারবারী সুমন মিয়ার নেতৃত্বে ৩০-৪০ জন সংঘবদ্ধ লোক দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে জাবেলকে হত্যা করে।
২০২৬ সালের ১২ জুন শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন মুজিবুর রহমান মুজিব (৩০)। নিহত মুজিবুর শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা মৃত অজিবুর রহমানের ছেলে।
গত ৮ আগস্ট শনিবার দিবাগত রাতে পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় বিএসএফের গুলিতে তারা মিয়া (১৯) নামে এক বাংলাদেশি নিহত হয়। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে। বিজিবি, পুলিশ, গোয়েন্দা ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়ার কর্মধা, পৃথিমপাশা ও শরীফপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে চিহ্নিত চোরাকারবারীরা দীর্ঘদিন থেকে ফেনসিডিল, গরু, ইয়াবা, গাঁজা, নাসির বিড়ি, বিদেশি সিগারেটসহ বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসছে। তারা কৌশলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দায়িত্ব পালাবদলের সময়ে কাঁটা তারের উপর দিয়ে কাঠ দিয়ে উভয় পাশে মই লাগিয়ে এবং গোপন পথ দিয়ে এসব মালামাল নিয়ে আসে। সীমান্ত এলাকায় মানবপাচার, চোরাচালান ও মাদক ব্যবসায় জড়িতদের মধ্যে রয়েছেন চিহ্নিত চোরাকারবারী সুমন মিয়া, হারুন মিয়া, আক্তার মিয়া, আনকার আহমদ, আলাল মিয়া, ফরিদ মিয়া, আতা মিয়া, ওয়াছকুরুনী, আলাল মিয়া, জামাল আহমদ, আলা উদ্দিন, সাইদুর রহমান ময়না, হাছিব আলী, হামজা মিয়া, সুন্দর আলী, জায়েদ আলী, সাদ্দাম হোসেন, আনোয়ার আলী, আছকির, আহাদ আলী, শামিম মিয়া, ফজলু মিয়া, আব্দুল আলী, কয়ছর মিয়া, শাহিন মিয়া, ছিদ্দেক আলী, মসলিন আলী, জমসেদ আলী, ইদন আলী, দুদু মিয়া, হবিব, সিরাজ মিয়া, আব্দুল মালিক, রেনু মিয়া, সুমন মিয়া, রইস আলী, সাইফুর রহমান, জুবেল মিয়া, ফয়জুর, কোকিল চাষা, বাবুল গোয়ালা, সিতারাম ছত্রী, জাহেদুল ইসলাম, মোহাম্মদ আলী, আব্দুল গফফার, আব্দুর মজিব, শাহ আলম, জুবেল, আহমদ আলী, রুবেল আহমদ, মোহন উরাং, রাজু নাইডু, সেলিম মিয়া, বদরুল ইসলাম, এলিম মিয়া, রিংকু দে, শাহাব উদ্দিন, সামছুল ইসলাম হাদী, সাইফুল বক্স, খায়রুল মিয়া, কুতুব আলী, বিমল বাউরী, আব্দুল মালিক মনাই, হামিদুর রহমান লেবু, আসাদুজ্জামান, আনিছুর রহমান, আব্দুর রউফ, মখলিছ মিয়া, রুবেল মিয়া, তপন দেব, শুকুর মিয়া, রুমেল মিয়া, জমসেদ আলী, নজরুল ইসলাম, রুবেল মিয়া। তাদের সবার বাড়ি কুলাউড়ার বিভিন্ন এলাকায়।
৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান গণমাধ্যমকে বলেন, সীমান্তের নিরাপত্তা ও সীমান্তবাসীর জানমালের সুরক্ষা বিজিবির অন্যতম প্রধান অগ্রাধিকার। অর্থের প্রলোভনে কিছু তরুণ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে জীবনের ঝুঁকি নিচ্ছেন। এ ধরনের প্রাণহানি রোধে বিজিবি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ বা নির্যাতনের ঘটনা ঘটলে বিজিবি পতাকা বৈঠকসহ দ্বিপাক্ষিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদ জানায়। তবে সীমান্ত অপরাধ প্রতিরোধে চোরাচালানের গডফাদারদের আইনের আওতায় আনা এবং প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি। সীমান্তবাসীকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান থেকে বিরত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, সীমান্ত হত্যা প্রতিরোধে বিজিবির প্রচেষ্টা অব্যাহত থাকবে।*
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, সীমান্তে চোরাচালান সিন্ডিকেট বহু দিন থেকে চলে আসছে। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে মাদক-চোরাচালানে জড়িতদের আটক করে জেলহাজতে পাঠিয়েছে। সাম্প্রতিক কয়েকটি হত্যার ঘটনার পর সীমান্ত এলাকায় পুলিশী নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে অপরাধ কমাতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থেকে এগিয়ে আসতে হবে।
কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয়ক কমিটির সভা অনুষ্ঠিত
November 16, 2026
শনিবার কুলাউড়া ও জুড়ীতে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
November 13, 2026
কুলাউড়ায় ৩০ হাজার টাকার বালু নিলামে ২ উপজেলার দেড় শতাধিক পে-অর্ডার!
November 11, 2026