পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৩নং পশ্চিম জুড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকাবাসীর ভালোবাসা, সমর্থন ও দোয়া কামনা করে নির্বাচিত হলে মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, জনসেবা এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
২৭ নভেম্বর শুক্রবার পশ্চিম হরিরামপুর এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ী আব্দুল জলিলের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদল নেতা আল আমিনের পরিচালনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এলাকার মুরব্বি, যুবসমাজ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী ইজ্জত আলী, ফজলু মিয়া, আব্দুল জলিল, ইমাম আতাউর রহমান, ফখর উদ্দিন পাঠান, ফল ব্যবসায়ী আজিজ মিয়া, হরিরামপুর গ্রামের আলী আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মজনু, উপজেলা যুবদল নেতা কামাল হোসেন, মহিব আলী, মনির হোসেন ও রহমান মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন আবেগঘন বক্তব্যে উপস্থিত এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি কখনো ভাবতে পারিনি, আমার প্রতি আপনাদের এত ভালোবাসা ও মায়া রয়েছে। আজ আপনারা যে ভালোবাসা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, তাতে আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। এলাকার মুরব্বি, যুবসমাজ ও মা-বোনদের প্রতি আমি কৃতজ্ঞ।”
তিনি বলেন, নির্বাচন বড় বিষয় নয়; মানুষের ভালোবাসা, সম্মান ও আন্তরিক সম্পর্কই সবচেয়ে বড় অর্জন। নির্বাচনের আগে প্রার্থীরা মানুষের কাছে যান, হাত মেলান, সালাম করেন, দোয়া চান। কিন্তু নির্বাচনের পর অনেকেই সেই সম্পর্ক ও মানুষের কথা ভুলে যান। এ ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ভোটের পরও জনপ্রতিনিধি ও জনগণের সম্পর্ক অটুট রাখা প্রয়োজন।
আনোয়ার হোসেন বলেন, “আমি আপনাদের কাছে ভোট চাইব তখনই, যখন আপনারা বিশ্বাস করবেন—আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব। এলাকার কোনো মানুষ বিপদে পড়লে, কারও দুঃখ-কষ্ট হলে, আমি যদি পাশে দাঁড়াতে পারি এবং এলাকার উন্নয়নে কাজ করতে পারি, তাহলেই আপনারা আমাকে সমর্থন করবেন।”
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হওয়া মানে শুধু পদ-পদবি বা পরিচয় অর্জন নয়; মানুষের জন্য কাজ করার মানসিকতা, আন্তরিকতা ও দায়িত্ববোধ থাকতে হবে। একজন জনপ্রতিনিধির মূল শক্তি হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর সদিচ্ছা এবং এলাকার সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টা।
বক্তব্যে পশ্চিম জুড়ী ইউনিয়নের অতীত ও বর্তমান জনপ্রতিনিধিদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। এলাকার প্রয়াত ও প্রবীণ জনপ্রতিনিধিদের অবদান তুলে ধরে তাঁদের প্রতি সম্মান জানান এবং তাঁদের কাজ থেকে শিক্ষা নিয়ে এলাকার উন্নয়নে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নিজের নির্বাচনী প্রত্যাশা তুলে ধরে আনোয়ার হোসেন বলেন, একজন মেম্বারের কাজের পরিধি সীমিত হলেও আন্তরিকতা ও চেষ্টা থাকলে অনেক কিছু করা সম্ভব। এলাকার মানুষের দাবি-দাওয়া ও সমস্যাগুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তর এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেতে হবে। কাজ করার মানসিকতা থাকলে এলাকার উন্নয়নে প্রচেষ্টা চালানো সম্ভব।
তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে ৫নং ওয়ার্ডের উন্নয়ন, জনসেবা এবং মানুষের অধিকার ও সমস্যা নিয়ে কাজ করতে চান। এ ক্ষেত্রে এলাকার সর্বস্তরের মানুষের পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, বক্তব্য ও বিভিন্ন স্লোগানে সভাস্থল মুখর হয়ে ওঠে। শেষে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বক্তব্যে ভুলত্রুটি হলে ক্ষমা চেয়ে সভার সমাপ্তি করেন সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন।
দৃষ্টিপ্রতিবন্ধি জিপিএ-৫ প্রাপ্ত মৌমিকে জুড়ীতে সংবর্ধনা
November 25, 2026
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
November 16, 2026