জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান-২ রাম দুলারী নুনিয়ার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা।
অভিযোগে বলা হয়, ইউপি চেয়ারম্যান মো. টিপু খান গত বছরের ১০ জুন বিদেশে যাওয়ার পর দীর্ঘসময় অনুপস্থিত থাকেন। তার অনুপস্থিতির সুযোগে রাম দুলারী নুনিয়া কোনো বৈধ সভা ছাড়াই নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করে সরকারি প্রকল্পের অর্থ ছাড় ও উত্তোলন করেন। এতে লাখ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন ইউপি সদস্য মো. মতিন মিয়া, মো. মন্নান খান, মো. শানুর মিয়া, মো. আব্দুল আজিজ, বাবুল পাশী, মশাহীদ মিয়া ও নারী সদস্য আমিরুন বেগম।
তবে অভিযোগ অস্বীকার করে প্যানেল চেয়ারম্যান-২ রাম দুলারী নুনিয়া বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। আমি কোনো অনিয়ম করিনি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত ইউএনও ফাতেমা তুজ জোহরা বলেন, অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

